২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটিতে বিচারকের প্রাধান্য চান না মাহবুব

বার কাউন্সিলের প্রস্তাবিত আইনে আইনজীবীদের তালিকাভুক্তির কমিটিতে বিচারপতিদের প্রাধান্যের বিরোধিতা করেছেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার কাউন্সিলের প্রস্তাবিত আইনে আইনজীবীদের তালিকাভুক্তির কমিটিতে বিচারপতিদের প্রাধান্যের বিরোধিতা করেছেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন আইনজীবীদের তালিকাভুক্তি করার দায়িত্ব বার কাউন্সিলের নির্বাচিত এনরোলমেন্ট কমিটির। তবে এই ব্যাপারে আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারকদের ভূমিকা সবসময় মূল্যায়ন করা হয়। বিচারকগণই নবীন আইনজীবীদের খাতা দেখেন। “এমনকি মৌখিক পরীক্ষায়ও তারা বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সাথে তারা মুখ্য ভূমিকা রাখেন। কিন্তু বর্তমান সরকার হঠাৎ করে নির্বাচিত এনরোলমেন্ট কমিটির পরিবর্তে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকদের সমন্বয়ে এবং নামমাত্র বার কাউন্সিলের একজন সদস্য থাকার যে বিধান করতে চাচ্ছে, তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।” বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃত্বে দীর্ঘদিন বার কাউন্সিল পরিচালিত হওয়ার পর এবার প্রথমবারের মতো জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলের দায়িত্বে আসে। নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবির কারণে সরকারের গাত্রদাহ শুরু হয়। তারই প্রতিক্রিয়া হিসাবে বার কাউন্সিল আইন সংশোধনের করা হচ্ছে। “এই আইন পাস হলে বার কাউন্সিল পঙ্গু প্রতিষ্ঠানে পরিণত হবে।” গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যমেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে আইনের প্রস্তাবিত সংশোধনে, যার চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। এছাড়া হাই কোর্টের দুজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের একজন সদস্য এনরোলমেন্ট কমিটির সদস্য থাকবেন। এর মধ্যে হাই কোর্টের দুই বিচারককেও প্রধান বিচারপতি মনোনীত করবেন। বার কাউন্সিলের সভাপতি হিসাবে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই কমিটিতে থাকবেন। এছাড়া তিনি বার কাউন্সিল অন্য একজন সদস্যকে এনরোলমেন্ট কমিটির জন্য মনোনীত করবেন। বিদ্যমান আইনে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা তিনজন। এদের মধ্যে একজন বিচারক এবং বাকিরা বার কাউন্সিলের মনোনীত সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০০২০ ঘ.