ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচনে ইভিএম ব্যবহার না করলেও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তা ব্যবহারের প্রস্তুতি রাখছে।
রংপুরে ব্যবহারের জন্য ১১শ’ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখতে সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিনিধি দলকে নির্দেশনা দেয়া হয়।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বুয়েট উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় ইসি। এজন্যে ১১শ’ ইভিএম প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।”
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিব মোহাম্মদ সাদিক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমানও ছিলেন।
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নবগঠিত রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচন হবে বলে সিইসি জানিয়েছেন। ভোটের অন্তত দেড়-দুই মাস আগে চাহিদামতো ইভিএম সরবরাহ করা সম্ভব হবে বলেও আশা করছেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, রংপুরে ৩৩টি সাধারণ ওয়ার্ড এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের সীমানা চিহ্নিত করা হয়েছে। ভোটার তালিকাও ঠিক হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ২৬ এবং নারী ১ লাখ ৭৮ হাজার ২১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৯০টি, ভোটকক্ষ ১ হাজার ২০০।
কয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, তা বুয়েটের কাছ থেকে ইভিএম পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
গত ফেব্রুয়ারিতে ৫ সদস্যের ইসি পুনর্গঠনের পর ছয় মাসের মাথায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা বাদ দেয়ার ঘোষণা দেয় নতুন ইসি।
তবে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর নির্বাচনে এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন ইসি ইভিএম ব্যবহার করে। জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহারের পরিকল্পনা ধরে এগিয়েছিল আগের কমিশন।
বুয়েটের আইআইসিটির সাবেক পরিচালক এস এম লুৎফুল কবীর ইভিএমের সার্বিক কার্যক্রমে ২০০৭ সাল থেকে নেতৃত্ব দিয়ে এলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন থেকে ছুটিতে রয়েছেন তিনি।
রংপুরে ইভিএম ব্যবহারের সময় উপযুক্ত ব্যাটারি ব্যবহারের পরামর্শ দিয়ে লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইভিএমে দেশে উৎপাদিত ব্যাটারি ব্যবহারের কথা শুনছি। আমদানি করা মানসম্পন্ন ব্যাটারি ব্যবহার না করলে নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১৫৮ ঘ.
bdnews24