কক্সবাজার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলায় জড়িত অভিযোগে আরটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি এসএম জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে জাফরকে আটক করে থানায় আনা হয়। জাফর রামু উপজেলার মন্ডলপাড়ার প্রয়াত কবির আহমদের ছেলে।
রোববার বিকালে এ হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
রামু থানার পরিদর্শক (ওসি) সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রামুর হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে থানায় আনা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৪ ঘ.
bdnews24