গাজীপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়কৈর উপজেলায় রোববার সরকারদলীয় সাংসদ একাব্বর হোসেনের গাড়িতে হামলা করেছে এক যুবক।
সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রা ডাইনকিনি এলাকায় এ হামলায় তার গাড়িচালক ও একান্ত সচিবসহ তিনজন আহত হলেও সাংসদ সুস্থ আছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ রফিক নামের ওই হামলাকারীকে আটক করেছে।
আহতরা হলেন গাড়িচালক ভোলা (২৫), একান্ত সচিব মো. শামিম (২৮) ও কাজের ছেলে আহাদ (১২)। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, গাড়িটি চন্দ্রা ডাইনকিনি পৌঁছলে এক যুবক অতর্কিতে গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে তিনজন আহত হন।
তবে, হামলার কারণ জানা যায়নি। রফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন এসআই আতিকুর।
আটক রফিক সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে পারিবারিক ঘটনার জেরে তিনি ক্ষুব্ধ ছিলেন। এ অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৫ ঘ.
bdnews24