২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটির দরপত্রের সিদ্ধান্ত নৌ মন্ত্রণালয়ের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগে দরপত্রের বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগে দরপত্রের বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। সভা শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আজকে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে কমিটি সুপারিশ করেছে যে, আমাদের (নৌপরিবহন মন্ত্রণালয়) পক্ষ থেকে সব বিষয় বিবেচনায় নিয়ে আইন ও বিধি অনুসরণ করেই বন্দরের এনসিটির দরপত্রের বিষয়ে পরবর্তীত সিদ্ধান্ত নেয়া হবে।” মন্ত্রী জানান, বন্দর ব্যহারকারীরা কোনো সমস্যায় পড়লে তার সমাধানের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষ নেবে বলে সভায় সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, “বন্দরের এনসিটি বিষয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে সে বিষয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) একটি নির্দেশনা দিয়েছে। উচ্চ আদালত আবার এর ওপর স্থগিতাদেশ দিয়েছে। এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটিও একটি সুপারিশ করেছে।” এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আরেক সদস্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলমসহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তবে এ সময় বন্দর এলাকার সংসদ সদস্য ও উপদেষ্টা কমিটির সদস্য এম এ লতিফ উপস্থিত ছিলেন না। বন্দরের এনসিটি দরপত্র নিয়ে বেশ কিছু দিন মহিউদ্দিন চৌধুরী ও এম এ লতিফ পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের সামনে ১৪ দলের ব্যানারে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। একই স্থানে চেম্বারের পক্ষ থেকে পাল্টা ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ওই সময় দুই পক্ষ মুখোমুখি পর্যায়ে গেলে মহিউদ্দিনের সমর্থকরা চেম্বারের সমাবেশে হামলা চালিয়ে এম এ লতিফকে লাঞ্ছিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এসইউ/২২০৫ ঘ.