গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান।
রোববার বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার কয়েক মিনিট আগে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কাছে লিখিত অভিযোগও করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির চাচা আফসার।
এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “প্রহসনের এ নির্বাচন প্রত্যাখ্যান করছি। সুষ্ঠু নির্বাচন হয়নি। গতকাল রাত থেকে আমার লোকজনদের হুমকি দেয়া হচ্ছিল। আমরা সকাল থেকে কয়েকদফা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।”
এই প্রার্থী অভিযোগ করেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ১৫ শতাংশ ভোটও পড়েনি। কিন্তু বিকালে বৃষ্টি শেষ হওয়ার পরে সেসব কেন্দ্রে সিল মেরে তা ৫০ শতাংশ করা হয়েছে।”
লিখিত অভিযোগে তিনি বলেন, এ প্রহসনের নির্বাচনের সাজানো ফল আমি মেনে নিতে পারছি না। অনেক কেন্দ্র দখলসহ জাল ভোট দিয়ে একপেশে পাতানো নির্বাচন মানার মতো নয়।
উপনির্বাচন পরিচালনায় ইসির ব্যর্থতার বিষয়টি তুলে ধরেন তিনি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, “উনার অভিযোগ মৌখিকভাবে পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছি। বিকালে শেষ মুহূর্তে লিখিত অভিযোগ পেয়েও সংশ্লি¬ষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।”
ফল প্রত্যাখ্যানের বিষয়ে মিহির বলেন, “এটা প্রার্থী হিসেবে উনার বক্তব্য। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছি।”
তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়েন তারই বড় বোন সিমিন হোসেন রিমি।
রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এ ছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়েন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল।
তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
কাপাসিয়ার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে বেছে নেবেন।
এদিকে বিকালে কাপাসিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত সহকারি রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বেলা ৪টায় ভোট শেষ হওয়ার পর কার্যালয়ের বাইরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসআই/এএইচএ/এএল/১৭০৬ ঘ.
bdnews24