গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দিনের প্রথমভাগে ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টায় নির্ধারিত সময়েই নির্বাচনী এলাকার ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
“সকাল থেকে কারো কোনো অভিযোগ আমরা পাইনি। কোথাও কোনো গোলোযোগের খবরও পাওয়া যায়নি।”
তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তারই বড় বোন সিমিন হোসেন রিমি।
রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল।
তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
কাপাসিয়ার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে বেছে নেবেন।
অন্য নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও কাপাসিয়ার চেহারা দেখা গেল অন্যরকম। প্রথম ঘণ্টায় অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একাবরেই কম।
কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৯৯ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন একশোর কিছু বেশি ভোটার।
“ভোটারদের উপস্থিতি একেবারেই কম। তবে বেলা বাড়লে ভোটাররা আসবেন বলে আশা করছি আমরা”, বলেন এই নির্বাচনী কর্মকর্তা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত সিমিন হোসেন রিমি সকাল ৯টা ১০ এ দরদরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, পরিস্থিতি দেখে ভোট সুষ্ঠু হচ্ছে বলেই তার মনে হয়েছে।
দিন শেষে ফল যেমনই আসুক, তা মেনে নেবেন বলেও জানান রিমি।
এই কেন্দ্রে ১ হাজার ৫২৭ জন ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ১২৫ জন ভোট দিয়েছেন বলে নির্বাচনী র্কমকর্তারা জানান।
রিমির চাচা, স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনও দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পরে স্কুলের কাছেই বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
আফসার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সরকার দলীয় কর্মীরা তাদের ভোটার ও এজেন্টদের হুমকি দিচ্ছে।
অপর প্রার্থী আসাদুল্লাহ বাদল ভোট দেবেন কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ভিটার টেক সাবেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে বলে আমরা আশা করছি। ভাটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার সব ব্যভস্থাই আমরা নিয়েছি।”
তিনি জানান, ঝুকিপূর্ণ ৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ওয়েব ক্যামেরার মাধ্যমে পর্যক্ষেণের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ভোটগ্রহণের পরিসংখ্যান নেয়া হচ্ছে।
নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ জন করে সদস্য রয়েছেন। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৩ হাজার ৪৮২ জন সদস্য এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন বলে জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন জানান।
বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই গণনার কাজ শুরু করা হবে। ফলাফল ঘোষণা করা হবে কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে। একইসঙ্গে গাজীপুর জেলা প্রশাসকের ‘ভাওয়াল মিলনায়তন’ কক্ষে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকেও ভোটের ফল ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.
bdnews24