বগুড়া, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় যমুনা নদীর বিকল্প বাঁধ ভেঙ্গে অন্তত দশটি গ্রামে পানি ঢুকে পড়েছে।
শনিবার গভীর রাতে বাঁধ ভাঙ্গার পর থেকে অন্তত আড়াই হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে কৃষি অধিদপ্তর জানিয়েছে। এতে নষ্ট হয়েছে মৌসুমী ফসলও।
পানি উন্নয়ন বোর্ড-পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁধটি পানির তোড়ে ভেঙ্গে গেছে। বাঁধটি মেরামতে বালির বস্তা ফেলা হচ্ছে।
রোববার দুপুর নাগাদ বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছিল। বাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়া পানি পাশের বাঙালি নদীতে গিয়ে পড়ছে। ফলে বাঙালি নদীর পানিও বৃদ্ধি পেতে শুরু করেছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
চন্দনবাইশা ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দেড় মাস আগে তালুকদারপাড়া এলাকায় মূল বাঁধে দু’দফা ধস নামে। তারপর সে সময় পাউবোর পক্ষ থেকে মূল বাঁধের পেছনে বালির বস্তা দিয়ে দু’টি অংশে একশ’ মিটার ও ১৬০ মিটার দীর্ঘ ওই দু’টি বিকল্প বাঁধ নির্মাণ করা হয়।
“যমুনা নদীর পানি বেড়ে শনিবার মধ্য রাতে একশ’ মিটার দীর্ঘ বিকল্প বাঁধ ভেঙ্গে যায় এবং রোববার সকালে পাশের ১৬০ মিটার দীর্ঘ অপর বিকল্প বাঁধটিও বিলীন হতে শুরু করে।”
“অনেক গ্রামে পানি ঢুকে পড়ায় লোকজন ভোগান্তিতে পড়েছে। বৃষ্টির কারণে মালামালও সরাতে পারছেন না তারা।”
বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি উপজেলার চারটি ইউনিয়নের অন্তত দশটি গ্রামে ঢুকে প্রায় আড়াই হাজার হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। এছাড়া আরও প্রায় একশ’ হেক্টর জমিতে লাগানো মৌসুমী সবজি এবং সমপরিমাণ জমির মাসকলই নষ্ট হয়েছে বলে জানান বগুড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রশিদ।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান জানিয়েছেন, বাঁধ ভাঙা পানিতে ক্ষতিগ্রস্ত লোকজনদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/২২৫৫ ঘ.
bdnews24