নরসিংদী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত মেয়র লোকমানের পরিবারের সঙ্গে কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
রোববার জেলার সদর রোডে নবনির্মিত দলীয় কার্যালয়ের সামনে তাকে দেওয়া এক সংবর্ধনা সভায় লোকমান হত্যাকাণ্ডের পর জেলায় তার না আসার কারণ ব্যাখ্যা করেন তিনি।
১১ মাস পর নংসিংদীতে এসে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে মনে না করে লোকমান হত্যা মামলার তদন্তে তিনি কোনো প্রভাব খাটাচ্ছেন।
তিনি বলেন, “পৌর মেয়র লোকমান নিহত হওয়ার পেছনে তৃতীয় শক্তি কাজ করেছে।”
“যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারাই ষড়যন্ত্র করছে।”
গত বছর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালিন পৌর মেয়র লোকমান। তার পরিবারের অভিযোগ, এই হত্যার পরিকল্পনায় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর পরিবার জড়িত।
লোকমান হত্যাকাণ্ডে কামরুজ্জামানের দায়ের করা মামলায় রাজুর ভাইকে আসামি করা হলেও পুলিশ তাকে বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে লোকমান পরিবারে।
এর মধ্যে ২৩ সেপ্টেম্বর মন্ত্রী রাজু নরসিংদী সফরের পরিকল্পনা করলে নতুন করে বিক্ষোভের সূত্রপাত হয়।
শ্রমমন্ত্রী রাজুর সফরকে কেন্দ্র করে শুক্রবার পুলিশের সঙ্গে নিহত আওয়ামী লীগ নেতার সমর্থকদের ব্যাপক সংঘর্ষের পর রবি ও সোমবার হরতালের ডাকে লোকমান সংগ্রাম পরিষদ।
রোববার দুপুরে মোটর শোভাযাত্রা নিয়ে মন্ত্রী রাজু নরসিংদীতে আসলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে স্বাগত জানানো হয়।
শহরে ঢোকার মুখে তিনি নিহত পৌর মেয়র লোকমান হোসেনের কবর জিয়ারত করেন। পরে লোকমান নিহত হওয়ার স্থান জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সদর রোডে নবনির্মিত জেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন তিনি।
সেখানে তাকে দেওয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী শওকত আলী, অ্যাডভোকেট এসএ হাদী, আব্দুল মতিন সরকার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভ্ইূয়া, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন কানু ও অন্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৪ ঘ.
bdnews24