ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাফত আন্দোলনসহ সমমনা ১২টি ইসলামী দলের সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পিকেটারদের ইটের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। কাজীপাড়ায় কয়েকটি গাড়ি ভেঙেছে পিকেটাররা।
এ দুটি স্থান থেকে মোট ৪০ জনকে আটক করেছে পুলিশ। তবে রাজধানীর অন্য কোথাও বড় ধরনের গোলোযোগের কোনো খবর পাওয়া যায়নি।
ভোর ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, মগবাজার, মহাখালী, ফার্মগেট, মিরপুর রোডে মোড়ে মোড়ে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায় ভোর ৫টা থেকেই। পল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট মোড় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে শনিবার থেকেই।
রোববার সকাল থেকে রাজপথে বাস, অটোরিকশা ও রিকশা চলতে দেখা গেলেও তা সংখ্যায় কিছুটা কম। দিনের প্রথমভাগে স্বাভাবিক দিনের মতো অফিসগামী মানুষের ভিড়ও চোখে পড়েনি।
সকালে দূর পাল্লার যান চলাচলও ছিল সীমিত। তবে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে কমলাপুর রেল স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান।
পল্টন এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে পল্টন, বায়তুল মোকাররম মসজিদ এবং প্রেসক্লাব এলাকায় কোনো পিকেটার দেখা যায়নি। যানবাহন চলছে স্বাভাবিক ভাবেই।”
পুলিশ ছাড়াও বিপুল পরিমাণ র্যাব সদস্য এসব এলাকায় টহল দিচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
তবে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে সকাল ৭টার কিছু আগে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশের সঙ্গে ধাওয়া- পাল্টা ধাওয়া ঘটে। এ সময় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে আহত হন ওই থানার এ এস আই রুহুল আমীন।
যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ার ঘটনায় পুলিশ মীর হাজীরবাগ থেকে ৩৮ জনকে আটক করেছে।
এছাড়া সকাল ১০টার পর কাজীপাড়া এলাকায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করার পর কয়েকটি গাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা। পুলিশ এ সময় দুজনকে আটক করেছে।
যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। তারা কর্মসূচি দিলে পল্টন ও এর আশপাশ এলাকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।
ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এরপর তাৎক্ষণিকভাবে রোববার সারাদেশে হরতালের ডাক দেন খেলাফত আন্দোলনের মহাসচিব ও ইসলামী ১২টি দলীয় জোটের সদস্য সচিব মাওলানা জাফর উল্লাহ।
এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী ঐক্যজোটও। তবে আনুষ্ঠানিকভাবে মাঠে না থাকার কথা জানিয়েছেন ঐক্য জোটের প্রচার সম্পাদক আহালুল্লাহ রাসেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের কর্মীদের বলেছি, তারা ইচ্ছা করলে হরতালে যেতে পারে, প্রয়োজনে পিকেটিংও করতে পারে।”
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খোঁজ খবর নিয়ে তাদের মধ্যে ৩২ জনকে আটক রেখে বাকিদের রাতেই ছেড়ে দেয়া হয়েছে।
মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার নূরুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শনিবার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে জামায়াতে ইসলামীর কর্মীরাও তৎপর ছিলেন।
যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত এই চলচ্চিত্রকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সংঘাতে রূপ নিয়ে শুক্রবার পাকিস্তানে অন্তত ১৯ জন নিহত হয়।
ওই চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওই চলচ্চিত্রের ভিডিওক্লিপ প্রচার হওয়ার পর বাংলাদেশ সরকার ইতোমধ্যে ইউটিউব বন্ধ করে দিয়েছে।
হরতালের আওতামুক্ত
সারাদেশে হরতাল হলেও দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরউল্লাহ খান।
দিনাজপুরে রোববার ১১ দলীয় জোটের জনসভা রয়েছে, যাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার যোগ দেয়ার কথা রয়েছে।
জাফর উল্লাহ বলেন, “খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে রংপুর এবং দিনাজপুর জেলা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।”
যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা জোরদার
ইসলামী দলগুলোর কর্মসূচির প্রেক্ষাপটে ঢাকার বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যকে পাহারায় দেখা গেছে।
বিতর্কিত ওই চলচ্চিত্রের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়, পোড়ানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুতুল। ওলামা-মাশায়েখ নেতারা যুক্তরাষ্ট্র দূতাবাস ঘেরাওয়েরও আওয়াজ তোলেন।
এই চলচ্চিত্র ঘিরে লিবিয়ায় বিক্ষোভের মধ্যে হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের মিশন। এতে রাষ্ট্রদূতসহ কয়েকজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/এসআই/এএসটি/কেটি/এলএইচ/জেকে/০৯৩০ ঘ.
bdnews24