ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রথম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) শেষ হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই সংলাপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় আরো বিস্তৃত করার সুযোগ তৈরি হলো।
বুধ ও বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শেরম্যান ।
এতে আঞ্চলিক সংহতি, উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য, শ্রম ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে।
আঞ্চলিক সংহতি
আঞ্চলিক সহযোগিতা ও সংহতিকে এগিয়ে নিতে ঢাকা সম্প্রতি যে ভূমিকা পালন করছে, তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
পাশাপাশি সংলাপে ইন্দো-প্যাসিফিক করিডোর ও ইন্ডিয়ান ওশ্যান অর্গানাইজেশনের বিষয়ে বাংলাদেশ সরকারকে আরো উদ্যোগী হতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত, চীন, মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্ম্পকোন্নয়নে বাংলাদেশের আন্তরিক চেষ্টারও প্রশংসা করেছেন মার্কিন কর্মকর্তারা।
“দক্ষিণ ও পূর্ব এশিয়ায় ক্ষমতাকেন্দ্রগুলোর সংযোগস্থলে অবস্থান হওয়ায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ এ অঞ্চলগুলোর দেশগুলোর মধ্যে সংযোগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে”, বলা হয় বিবৃতিতে।
উন্নয়ন ও শাসন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ‘উদার মুসলিম গণতন্ত্র’ ও ‘সমৃদ্ধ সুশীল সমাজ’ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি এবং ওয়াশিংটনের সব প্রধান উন্নয়ন উদ্যোগে ঢাকা অন্যতম প্রধান অংশগ্রহণকারী হিসেবে থাকে।
“গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, মানবাধিকার রক্ষা, সুশীল সমাজের বিকাশের পরিবেশ নিশ্চিত করা এবং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতেও বাংলাদেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।”
গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে একজন সম্মানিত সংগঠককে নিয়োগ দেয়ার গুরুত্ব নিয়েও সংলাপে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাণিজ্য, শ্রম ও বিনিয়োগ
বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে সংলাপে।
“বিনিয়োগের পরিবেশ, জ্বালানি সক্ষমতা ও জ্বালানি নিরাপত্তা এবং শ্রম খাতকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানে উন্নয়নের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।”
শিগগিরই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়েও দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
নিরাপত্তা সহযোগিতা
সংলাপে উভয় পক্ষের প্রতিনিধিরা সহিংস চরমপন্থা দমন, দুই দেশের সামরিক সংশ্লিষ্টতা, মাদকবিরোধী তৎপরতা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও মানবিক সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক কর্মসূচিগুলো পর্যালোচনা করেন।
অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ‘সক্রিয় ভূমিকারও’ প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/১৩১৫ ঘ.
bdnews24