২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: আবারো ইউনূসের দিকে ইঙ্গিত

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলে মুহাম্মদ ইউনূসের ভূমিকা রয়েছে বলে আবারো ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলে মুহাম্মদ ইউনূসের ভূমিকা রয়েছে বলে আবারো ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একজন সংসদ সদস্য কালকে ওয়াক আউট করেছেন। উনি যার দরদে ওয়াক আউট করেছেন তার কিছু কারসাজিতে (পদ্মা সেতুর) অর্থায়ন বন্ধ হয়েছে।” এর আগেও প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিতে দায়ী করেন। মঙ্গলবার সংসদে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনী বিল পাস হওয়ার সময় স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম ওয়াক আউট করেন। প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা এই স্বতন্ত্র সংসদ সদস্যের প্রশ্নেরই জবাব দিচ্ছিলেন। ফজলুল আজিম জানতে চেয়েছিলেন, “সরকার বলছে নিজেদের টাকায় পদ্মা সেতু করবে, কিন্তু বিশ্ব ব্যাংক অর্থায়ন করলে সেটা বেশি লাভজনক। সেক্ষেত্রে সরকার বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নিয়েছে কি না?” দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণেষর ঘোষণা দেয়। তবে এর মধ্যে বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টাও রয়েছে। প্রধানমন্ত্রী এর আগে সংসদে বলেছিলেন, বিদেশি অর্থ সংস্থান না হলে রেল বাদ রেখে শুধু গাড়ি পারাপারের ব্যবস্থা রেখে পদ্মা সেতু করা হবে। পদ্মা সেতুর জন্য তহবিল সংগ্রহ চললেও কোনো ধরনের সারচার্জ আরোপ করা হবে না বলে বুধবার প্রধানমন্ত্রী সংসদে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮৪৯ ঘ.