পাবনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বুধবার ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্র নিহত এবং একজন আহত হয়েছে।
এরা হল সিরাজগঞ্জের তারাশ উপজেলার বোয়ালিয়া গ্রামের সোবহান মিয়া ছেলে সোহেল রানা বিজয় (১৫) এবং মথুরাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন (১৪)।
নিহত রানা তারাশের আজিমনগর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণি এবং ইমরান একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
আহত রোকন উদ্দিনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি সুব্রত কুমার বলেন, দুপুর ১২টার দিকে বড় একটি নৌকায় আজিমনগর স্কুল এন্ড কলেজের ছয় শিক্ষকসহ তিন শতাধিক ছাত্র-ছাত্রী পিকনিক করতে যান পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ এলাকায়।
দুপুর ১টার দিকে বিজয়, ইমরান হোসেন ও রোকন বড়াল ব্রিজের উপর উঠে ছবি তুলছিল। এ সময় ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেস এসে পড়লে দুজন নিহত হয়। রোকনের দুই পা কাটা পড়ে।
সংশ্লিষ্টদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.
bdnews24