ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম)- রাজধানীর ফকিরেরপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আট রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফকিরেরপুলের হোটেল ইসলামিয়ার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, সানা উল্লাহ (২৫), মো. আবদুল হামিদ (২০), মো. হারুন উর রশিদ (১৮), নূর মোহাম্মদ (১৮), দীন মোহাম্মদ (২০), মো. ইউসুব আলী (১৮), মো. কাসেম (১৮) ও মো. হামিদ (৪০)।
তারা দালালদের মাধ্যমে জাল পাসপোর্ট (গলাকাটা পাসপোর্ট) ব্যবহার করে বিদেশ যাওয়ার জন্য ওই হোটেলে অবস্থান করছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯২৯ ঘ.
bdnews24