২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে আদালতে হাজিরের লিখিত প্রতিশ্রুতি

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন তার আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিচারক মো. মোজাম্মেল হোসেনের কাছে এ লিখিত প্রতিশ্রুতি দেন। বারবার ‘মিথ্যা তথ্য’ দিয়ে বিচার কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে- এমন মন্তব্য করে আসামিপক্ষের আইনজীবীদের কাছ থেকে এ লিখিত প্রতিশ্রুতি নেন বিচারক। ১১ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন রাখা হয়েছে। এর আগে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য গত ১৩ আগস্ট দিন ধার্য করেছিলেন বিচারক। আইনজীবীরা নিশ্চয়তা দিয়েছিলেন, খালেদা জিয়া নির্ধারিত তারিখে আদালতে হাজির হবেন। কিন্তু তিনি আসেননি। ২০০৯ সালের ৫ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও আসামিপক্ষ নানা কারণ দেখিয়ে বারবার সময় নিচ্ছে বলে আদালতে অভিযোগ করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় জামিনে থাকা আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল এবং অপর আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান শুরু থেকেই পলাতক। তারেক রহমান ২০০৮ সালে উচ্চ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পর আর ফেরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/পিবি/জেকে/১৭০৪ ঘ.