ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়ন, প্রসার এবং জ্বালানি সংরক্ষণ ও এর দক্ষ ব্যবহারের লক্ষ্যে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল - ২০১২’ সংসদে উত্থাপিত হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এই বিলটি উপস্থাপন করেন।
বিলের ৩ অনুচ্ছেদে এই আইন কার্যকর হলে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বলানি উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে এ্কটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে।
কর্তৃপক্ষ তাদের কার্যাবলী সম্পাদনের জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে।
এই বিলে জ্বালানি অদক্ষ যন্ত্রপাতি চিহ্নিতকরণ এবং তার ব্যবহার, আমদানি ও বিক্রি বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দু’সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, “তবে, শর্ত থাকে যে - কোনো বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমোদন নিতে হবে।”
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মোহাম্মদ এনামুল হক বলেন, পরিবেশ বিপর্যয়কারী প্রচলিত জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব হ্্রাস করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই ও নাবয়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও প্রসার বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
“আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি হয়ে পড়েছে।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, দেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং জ্বালানি সংরক্ষণ ও এর দক্ষ ব্যবহার নিশ্চিতে একক কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান না থাকায় এ খাতে কাঙ্খিত অগ্রগতি সম্ভবপর হয়নি।
তিনি আরো বলেন, “নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়ন, প্রসার এবং জ্বালানি সংরক্ষণ ও এর দক্ষ ব্যবহারের লক্ষ্যে একক প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালনের জন্য একটি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টি করা জরুরি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১২৯ ঘ.
bdnews24