চাঁদপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদরে একটি স্কুলে চুরির ঘটনায় তিন মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন সদরের বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. শামিম হোসেন সুমন (১৮), একই ক্লাসের জহিরুল ইসলাম (১৮) এবং পঞ্চম শ্রেণির ওমর ফারুক সৈকত (১২)।
শামিম ও ওমরের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় এবং জহিরুলের বাড়ি সদরের মধ্য তরপুরচণ্ডীতে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের বন্ধের সময় ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নগদ ৪০ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন সেট ও একটি ডিভিডি প্লেয়ার চুরি হয়।
গত ২৬ অগাস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈম উদ্দিন খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে জহিরুলকে আটক করে। পরে তার দেয়া তথ্যানুযায়ী অপর দু’জনকে আটক করা হয়।
স্কুল বন্ধ থাকাকালে জানালা ভেঙ্গে তারা মালামাল চুরি করে বলে পুলিশেকে জানিয়েছে, বলেন এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৮ ঘ.
bdnews24