২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণ হত্যা: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

গ্রেপ্তার একজন ডাকাতির মূল পরিকল্পনাকারী বলে র‌্যাব দাবি করলেও তা অস্বীকার করেছেন ওই ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যা এবং তার বাড়িতে ডাকাতির পরিকল্পনায় জড়িত সন্দেহে তার গাড়িচালকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার তাদের সাংবাদিকদের সামনে হাজির করে র‌্যাব বলেছে, গ্রেপ্তার একজন ছিলেন ডাকাতির মূল পরিকল্পনাকারী। তবে সাইফুর রহমান নামে ওই ব্যক্তি সেই অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তার গাড়িচালক কামরুল হাসান অরুণ র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের সামনে পরিকল্পনাকারী হিসেবে ডা. নারায়ণের চেম্বারের ব্যবস্থাপক (ম্যানেজার) সাইফুরের নাম বলেন। তখন দুজনের মধ্যে বদানুবাদ হলে র‌্যাব কামরুল ও সাইফুর দুজনকেই সরিয়ে নেয়। নারায়ণ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গোয়েন্দা পুলিশ এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করে। এরপর র‌্যাব হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানাল। র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারাও ছিলেন। র‌্যাবের অভিযানে গ্রেপ্তাররা হলেন- চিকিৎসকের গাড়িচালক কামরুল হাসান অরুণ, তার চেম্বারের ব্যবস্থাপক সাইফুর রহমান, কম্পাউন্ডার তারিকুল ইসলাম এবং বকুল মিয়া, রফিকুল ইসলাম এবং মো. সাঈদ। বকুল, রফিক ও সাঈদ ডাকাতিতে সরাসরি অংশ নেন বলে র‌্যাব বলছে। অন্য তিনজন ছিলেন পরিকল্পনায়। গোয়েন্দা পুলিশ মাসুম মিন্টু, ফয়সল, পিচ্চি কালাম, পেদা মাসুদ ও সাইদুর নামে পাঁচজনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে গ্রেপ্তার হল ১১ জন। র‌্যাবের মুখপাত্র এম সোহায়েল সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তার এখানেই শেষ নয়। এর পেছনে কারা ছিল, তদন্তে তাও বের করে আনার চেষ্টা করা হবে।” গত ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাড়িতে খুন হন বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং স্বাচিপ নেতা নারায়ণ দত্ত। গত দুদিন টঙ্গী, মহাখালী, কারওরান বাজার এবং মাওয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সোহায়েল। ডা. নারায়ণ রিলায়েন্স মেডিকেল অ্যান্ড সার্ভিসেসে বসতেন, তার ব্যবস্থাপক সাইফুর। তাকে গাড়িচালক কামরুলের মুখোমুখি করা হয়। কামরুলের জড়িত থাকার কথা শনিবার বলেছিলেন মাসুম মিন্টু, যাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কামরুল বলেন, “সাইফুরই তাকে ডাক্তারের গাড়িচালক হিসাবে নিয়োগ পাওয়ার ব্যবস্থা করে। পরে ডা. নিতাইয়ের বাসায় ২০ লাখ টাকা নগদ এবং ১০৮ ভরি স্বর্ণালঙ্কার আছে জানিয়ে লুট করার প্রস্তাব দেয়।” হত্যাকাণ্ডের পর ৫০০ টাকা দিয়ে সাইফুর তাকে ঢাকার বাইরে চলে যেতে বলে বলেও দাবি করেন তিনি। তখন সাইফুর বলেন, তিনি এতে জড়িত নন এবং কামরুলের নামও তিনি এর আগে কখনো শোনেননি। এ নিয়ে দুজনের বদানুবাদ সৃষ্টি হলে র‌্যাব সদস্যরা দুজনকেই সাংবাদিকদের সামনে থেকে সরিয়ে নেন। এম সোহায়েল বলেন, “সাইফুর গাড়িচালক কামরুল এবং রিলায়েন্স মেডিকেল অ্যান্ড সার্ভিসেসের কম্পাউন্ডার তারিকুল ইসলামকে কিছুদিন আগে ডা. নিতাইয়ের বাসায় মালামাল চুরি করে ভাগাভাগির প্রস্তাব দেয়। পরে কামরুল অন্যদের সঙ্গে যোগাযোগ করে প্রায় দুইমাস আগে একবার চুরির চেষ্টা করে ব্যর্থ হয়।” তিনি জানান, কামরুল একাধিক মামলার আসামি এবং একটি মামলায় পাঁচ বছর কারাভোগও করেন। “কামরুল যাদের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে কারাগারেই তার পরিচয় হয় এবং তারাও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি,” বলেন র‌্যাব মুখপাত্র। তিনি আরো বলেন, “হত্যাকাণ্ডের আগে পরিকল্পনাকারীরা দুজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন এমন প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।” এই হত্যাকাণ্ডের পর কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। ডাকাতিতে কামাল নামে একজনের জড়িত থাকার কথা গ্রেপ্তারকৃতরা জানালেও গোয়েন্দা পুলিশ জানায়, র‌্যাবের গ্রেপ্তার কামাল ওই কামাল নয়। গ্রেপ্তার কামালকে গোয়েন্দা পুলিশ গ্রহণে অস্বীকৃতি জানালে তাকে বনানী থানায় দেওয়া হয়। পরে তাকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে আদালতে পাঠানো হয়, যিনি পরে জামিন পান। এই বিষয়ে এম সোহায়েল বলেন, তদন্তের প্রয়োজনে কামালকে ছেড়ে দিয়ে নজরদারিতে রাখাও হতে পারে। এটা তদন্তের বিষয়। গ্রেপ্তার সাঈদের সঙ্গে কামালের মোবাইল ফোনে একাধিকবার কথা হয়েছে বলে জানান তিনি। এই পর্যন্ত গ্রেপ্তার সবাই বলছে, ডাকাতিতে বাধা দেওয়ায় খুন করা হয় ডা. নারায়ণকে। তবে এটি পরিকল্পিত খুন কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান সোহায়েল। তিনি বলেন, “কোনটিই উড়িয়ে দেওয়া যায় না।” ডা. নারায়ণের পরিবার দাবি করে আসছে, খুনের পেছনে বক্ষব্যাধি হাসপাতালের নিয়োগের যোগসূত্র থাকতে পারে। গ্রেপ্তার ছয়জনকে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। গোয়েন্দা পুলিশের কোনো আগ্রহ ছাড়াই কেন র‌্যাব এই মামলার তদন্ত করছে- জানতে চাইলে এম সোহায়েল বলেন, “র‌্যাব, গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী একে অপরের পরিপূরক। সব সময় যে কোনো মামলার তদন্তের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করে থাকে। ডা. নিতাই হত্যা মামলার ক্ষেত্রেও করা হচ্ছে। “এতে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।” গ্রেপ্তারকৃত প্রত্যেকের দেহের নমুনা ডিএনএ পরীক্ষা করতে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে জানিয়ে সোহায়েল বলেন, এই মামলা ছাড়াও তারা অন্য কোনো ঘটনার সঙ্গে সম্úৃক্ত কিনা তা বের করা সহজ হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়ির মতো ডা. নারায়ণের বাড়িতেও জানালার গ্রিল কাটা ছিল। উত্তরায় র‌্যাব কার্যালয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম এবং মোল্যা নজরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ডা. নারায়ণের স্ত্রী ডা. লাকি দত্তসহ পরিবারের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১০১ ঘ.