ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৪৪ দিন বন্ধ শেষে খোলার পর শিক্ষকদের ক্লাস বর্জনে অচল বুয়েটে এবার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
উপাচার্য ও উপউপাচার্যের অপসারণ দাবিতে শনিবার ক্যাম্পাসে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের পর দুপুর ১টার দিকে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী।
উপাচার্যের বাড়ি বেলা ৩টা পর্যন্ত তারা ঘেরাও করে রাখে। আন্দোলনরত শিক্ষার্থী কেমিকৌশল বিভাগের সুদীপ্ত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববারও তারা একই কর্মসূচি পালন করবেন।
এর আগে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা উপাচার্য ও উপউপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন।
মানববন্ধনে বেশ কয়েকজন শিক্ষক নেতাকেও অংশ নিতে দেখা যায়।
শিক্ষক সমিতি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা জানাচ্ছে কি না- জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ব্যক্তিগতভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শিক্ষকদের আন্দোলতের বৈধতা নিয়ে হাই কোর্টের একটি রুল জারির পর শিক্ষক সমিতি কোনো ধরনের প্রকাশ্য ঘোষণা না দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের মিছিলের পর বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানসহ কয়েকজন শিক্ষক উপাচার্য ও উপউপাচার্যের কক্ষে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ‘স্বার্থে’ উপাচার্য ও উপউপাচার্যকে সরে যাওয়ার আহ্বান জানালে তারা দুজনেই এতে অপরাগতা জানান।
তারা শিক্ষক নেতাদের বলেন, রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। তাই রাষ্ট্রপতিই এই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।
এরপর উপাচার্য ও উপউপাচার্য কার্যালয় ছেড়ে বাড়ি ফিরলে তাদের বাড়ির সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
উপাচার্য ও উপউপাচর্যের অপসারণ দাবিতে ঈদের আগে শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরাও শামিল হলেও ঈদ শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীরা এই প্রথম মাঠে নামল।
তবে গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এতে চলতি বছর প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমও অনিশ্চয়তায় পড়েছে।
এদিকে ক্লাস-পরীক্ষা, ভর্তিসহ সব একাডেমিক কার্যক্রমে অংশ নিতে শুক্রবার শিক্ষকদের চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। তার পরদিনই শিক্ষার্থীরা আন্দোলনে নামল।
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল কর্মবিরতি শুরু করে বুয়েট শিক্ষক সমিতি।
প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় তারা।
ওই কর্মসূচি দেওয়ার পর গত ১০ জুলাই রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণা করেন উপাচার্য। এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে গণপদত্যাগেরও ঘোষণাও দেন শিক্ষকরা। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগের পর তারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এরপর ১৪ অগাস্ট আদালত ‘আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ রুল জারি করলে আন্দোলনের নতুন কোনো কর্মসূচি দেয়নি শিক্ষক সমিতি।
ছাত্রলীগের হুমকি
দুপুরে শিক্ষক নেতারা যখন উপাচার্য ও উপউপাচর্যের সঙ্গে দেখা করতে যান তখন বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতা সেখানে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।
বুয়েট ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তন্ময় বিশ্বাস, সহসভাপতি পলাশসহ কয়েকজন সেখানে ছিলেন।
ওই সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতারা তাদেরও হুমকি দেন। তারা বলেন, এই খবর কিংবা ছবি প্রকাশ হলে সাংবাদিকদের বুয়েটে ঢোকা বন্ধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.
bdnews24