২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ’র নির্যাতনে নিহত বাংলাদেশি যুবকের লাশ মঙ্গলবার বিকেলে ফেরত দিয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

দিনাজপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ’র নির্যাতনে নিহত বাংলাদেশি যুবকের লাশ মঙ্গলবার বিকেলে ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি ভাইগড় ক্যাম্প কমান্ডার ফরিদ হোসেন নিহত আবুল কাশেমের লাশ ফেরতের বিষয়টি নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভাইগড় ক্যাম্প সংলগ্ন শূন্য রেখায় বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আবুল কাশেমের লাশ সনাক্ত করার পর ভারতীয় কর্তৃপক্ষ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যায়। ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৫টায় বিএসএফ তার লাশ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল-হক লাশ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ’র নিক্ষিপ্ত বোমার আঘাতে আবুল কাশেম নিহত হয়েছেন। বিএসএফ স্বীকার না করলেও প্রাথমিক তদন্তে তেমনই আলামত পাওয়া গেছে। বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঋষিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আবুল কাশেম অন্য কয়েকজনের সঙ্গে রোববার রাতে সীমান্ত পেরিয়ে ভারতের শ্রীরামপুর গ্রামে গরু আনতে যান। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে অন্যরা ফিরে আসলেও আবুল কাশেম ফিরে আসেনি। সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর গ্রামের একটি ডোবায় আবুল কাশেমের লাশ ভেসে উঠলে বিএসএফ তার লাশ নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮২৩ ঘ.