কুড়িগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিডি ও ভিজিএফের চাল আতœসাতের অভিযোগে কুড়িগ্রাম সদরের এক ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সমাবেশ শেষে তারা উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দেয়।
গত ১৭ অগাস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদ হোসেন ইউনিয়ন পরিষদের দুটি গুদাম থেকে প্রায় পাঁচ হাজার কেজি চাল উদ্ধার করেন।
আত্মসাতের জন্য ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান এসব চাল মজুদ করেন বলে অভিযোগ উঠেছে।
পরদিন (১৮ অগাস্ট) সদর থানার ওসি মইনুল ইসলাম একটি মামলা দায়ের করে তা দুর্নীতি দমন কমিশন-দুদকে পাঠান। এরপর থেকেই চেয়ারম্যান মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
বেলগাছা ইউনিয়নবাসী দুপুরে সদরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আজিমুদ্দিন আজিম, আব্দুল খালেক, দবির হোসেন, আমিনুল ইসলাম, বকুল চন্দ্র, শাহীনুর রহমান, গোলাম মোস্তফা, মতিয়ার রহমান প্রমুখ।
পরে একটি স্মারকলিপি ইউএনও কাজী আবেদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
ইউএনও কাজী আবেদ হোসেন জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এছাড়া মামলাটি দুদকে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৫ ঘ.
bdnews24