গাজীপুর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং কাগজপত্র ঠিক না থাকায় গাজীপুরে চালক ও গাড়ির বিরুদ্ধে ১২৫টি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় হাইওয়ে পুলিশের এক বিশেষ অভিযানে এসব মামলা দায়ের করা হয়।
গাজীপুর হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আকবর আলী সাংবাদিকদের জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৫৫ জন গাড়িচালক এবং কাগজপত্র ঠিক না থাকায় ৭০টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি জানান, ঈদের ছুটিতে খালি রাস্তা পেয়ে চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায়শ দুর্ঘটনা ঘটে থাকে।
অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. হুমায়ূন কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০১১ ঘ.
bdnews24