২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ভিড় কমলেও ট্রেন আসছে দেরিতে

রেল স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা কমলেও সময়মতো ট্রেন না আসায় প্রতীক্ষার প্রহর গুণছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। কমলাপুরের চিত্র জানাচ্ছেন মামুনূর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

মামুনূর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা কমলেও সময়মতো ট্রেন না আসায় স্টেশনে প্রতীক্ষার প্রহর গুণছেন ঈদে ঘরমুখো কয়েকশ যাত্রী। বুধবার বিকালে রাজশাহীর চারঘাটে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হলে রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি সরিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজশাহী থেকে ট্রেন চলাচল আবার শুরু হয়। এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই রুটের সবগুলো ট্রেন কয়েক ঘণ্টা দেরি করে ছাড়ে। শুক্রবারও এ সময়সূচি বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি কমলাপুর স্টেশন। সকালে সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে গিয়ে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা প্রতিটি ট্রেন গড়ে সাড়ে তিন থেকে চার ঘণ্টা দেরি করে স্টেশনে পৌঁছে। এদিন সকাল ৬টায় সিল্কসিটি এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১১টা নাগাদ সেই ট্রেন কমলাপুর স্টেশনে ফিওে আসতে পারেনি। রংপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের জন্য অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। তাদের একজন ফকরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, “ট্রেন সকাল সাড়ে ৯টায় ছাড়ার কথা, আর এখন বাজে বেলা সাড়ে ১১টা। কিন্তু ট্রেনের কোনো খোঁজই নেই।” কমলাপুর রেল স্টেশন ম্যানেজার খায়রুল বশির সাংবাদিকদের জানান, ঈদের আগে অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণে প্রতিটি স্টেশনেই ট্রেনগুলোকে বাড়তি সময় থামতে হচ্ছে। তাই ট্রেন আসতে দেরি হচ্ছে। তবে ঘওে ফেরা যাত্রী সংখ্যা শনিবার আরো কমে যাবে বলে খায়রুল বশির জানান। এছাড়া, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালি এবং ঢাকা-কিশোরগঞ্জ-জামালপুর রুটের ট্রেনগুলো ১৫ মিনিট থেকে আধাঘণ্টা দেরিতে চলাচল করছে বলে জানা গেছে। ইঞ্জিন বিকল হওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর পলাশের কাছে যিনার্দী স্টেশনে ১১ ঘণ্টা আটকে থাকার পর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস। ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ঘণ্টাখানেক পর বিকল্প লাইনে এসব রুটের ট্রেন চলাচল আবার শুরু হয়। নরসিংদী স্টেশনের প্রধান করণিক মো. শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভৈরব থেকে নতুন ইঞ্জিন আসার পর শুক্রবার সকাল সাড়ে ৮টায় এগারসিন্দুর এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এদিকে সকাল সাড়ে নয়টায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কমলাপুর স্টেশন পরিদর্শনকালে এই ‘অনিচ্ছাকৃত বিলম্বের’ জন্য দুঃখপ্রকাশ করেন। মন্ত্রী বলেন, “বুড়া ট্রেন, বুড়া ইঞ্জিন। এগুলোকে এখন পেইনকিলার খাইয়ে চালাতে হচ্ছে। তাই আন্তরিকতা থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃত এ বিলম্বের জন্য আমি দুঃখপ্রকাশ করছি।” তবে এজন্য স্টেশন কর্মকর্তাদের ‘ফাঁকিবাজি’ অনেকটা দায়ী বলে জানালেন ওবায়দুল কাদের। ঢাকা-রাজশাহী রুটে দুর্ঘটনার ২১ ঘন্টা পর ট্রেন চলাচল আবার শুরু হয়েছে বলে সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, “২১ ঘণ্টা নয় দুর্ঘটনার চার ঘণ্টা বা সাড়ে চার ঘণ্টার মধ্যেই লাইন আবার চালু হয়েছে।” গণমাধ্যমে এ ধরনের ‘ভীতিকর’ খবর পরিবেশন থেকে বিরত থাকতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/এইচএ/১৭৩৪ ঘ.