বরিশাল, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দীগঞ্জের উলানিয়া ইউনিয়নের পশ্চিম সুলতানি গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূ খুন হয়েছেন।
বৃহস্পতিবার গ্রামের মাঝি বাড়ী থেকে রেহেনার বেগমের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। রেহেনাকে হত্যায় জড়িত সন্দেহে তার সতীন তাজিয়া আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রেহেনা ও তাজিয়ার স্বামী মান্নান মাঝি বেসরকারি মিলের শ্রমিক।
মেহেন্দীগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেহেনার মাথায় আঘাতের চিহ্ন এবং নাক, মুখ ও কানে রক্ত জমাট বাঁধা ছিল। গলায়ও ছিল আঘাতের চিহ্ন।
পুলিশের ধারণা, ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের পর শ্বাসরোধে রেহেনাকে হত্যা করা হয়।
ময়না তদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। রেহেনার ভাই একটি হত্যামামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24