সাভার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার থেকে ছিনতাইকারী সন্দেহে মঙ্গলবার চারজনকে আটক করেছে র্যাব।
তাদের কাছ থেকে রিভলবার ও বোমাসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
আটকরা হলেন ইসমাইল হোসেন চৌধুরী (৩০), জাহাঙ্গীর হোসেন ওরফে বাদশা (২৫), মো. সোহেল (২২) ও মাজহারুল ইসলাম (২৩)।
এদের মধ্যে ইসমাইল হোসেন চৌধুরী পরমানু শক্তি কমিশনের টেকনিশিয়ান-২ পদে কাজ করতেন।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর জাহিদুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে নবীনগর বাসস্ট্যান্ড থেকে এদের আটক করা হয়।
এরা সবাই পেশাদার ছিনতাইকারী বলে তিনি জানান।
তিনি বলেন, আটকদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, চারটি হাত বোমা, তিনটি বিভিন্ন সাইজের ধারালো ছোরা ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলেও র্যাব অধিনায়ক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24