চাঁদপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি রাইস মিল থেকে সোমবার ভিজিএফের ৩১ বস্তা চাল আটক করেছে প্রশাসন।
চাউল জব্দ করে রাইস মিলটি সিলগালা করা হয়েছে। তবে মিল মালিক পলিয়ে গেছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন সাংবাদিকদের বলেন, হাজীগঞ্জ বাজারের পোস্ট অফিস গলিতে বন্দীশাহী রাইস মিলের মালিক তাজুল ইসলাম মিলে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তা থেকে চাল অন্য বস্তায় স্থানান্তর করছিল।
গোপন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সব চাল জব্দ করে রাইস মিল ঘরটি সিলগালা করে দেন।
ঘটনাটি তদন্তে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, গত ৩০ জুলাই পর্যন্ত টিআর এবং কাবিখার প্রকল্প শেষ হয়ে গেছে। এখন দুঃস্থদের জন্য ভিজিএফ ও ভিজিডি এ প্রকল্প চালু রয়েছে।
তবে এগুলো কোন প্রকল্পের চাল তা উপজেলা খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রাণাধীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারবেন।
ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন বলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
মিলের কর্মচারীরা ইউএনও জানান, ১১ নম্বর হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন লিটন মিল মালিকের কাছে ভিজিএফের চাল বিক্রি করেছেন।
ঈদুল ফিতরকে সামনে রেখে বর্তমান সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে উপজেলায় ১১টি ইউনিয়নে ১৫৬.৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এই চাল প্রতিটি ইউনিয়নের দুস্থ, অসহায়দের মাঝে মাথাপিছু ১০ কেজি হারে বিতরণ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24