বাগেরহাট, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে মঙ্গলবার বাগেরহাট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোলে এ অভিযানে গ্রেপ্তার জাহাঙ্গীর ফকিরের (৪২) কাছ থেকে আট কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জাহাঙ্গীর ফকির মংলার সুন্দরবন ইউনিয়নের খোনকারের বেড় গ্রামের কায়েম ফকিরের ছেলে।
মংলা থানার ওসি মুনিরুল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ভোরে মংলা থানা পুলিশ অভিযান চালায়।
এ সময় জাহাঙ্গীরকে আট কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। তবে, জাহাঙ্গীর তার সহযোগীদের নাম জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় মংলা থানা পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীরসহ অপর দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে।
বন আইনে মামলা করে দুপুরে আদালতে হাজির করলে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়।
জাহাঙ্গীরের বরাত দিয়ে ওসি মুনিরুল গিয়াস বলেন, জাহাঙ্গীর তার দুই সহযোগীসহ রোববার অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার একটি হরিণ শিকার এবং জবাইয়ের পর ভাগ-বাটোয়ারা করে ভোরে চিলা গ্রামের ভেতর দিয়ে লোকালয়ে ফিরছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৭ ঘ.
bdnews24