ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের করা ‘সব ধরনের গোপন সামরিক চুক্তি’ জনগণের কাছে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলার ৬৭তম বার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বাংলাদেশে বিদেশি বাহিনীর ঘাঁটি প্রয়োজন নেই। এটা বিপজ্জনক। দেশের জন্য কী এমন কোনো গোপন হুমকি রয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সামরিক চুক্তি করতে হবে?”
“বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি যুক্তরাষ্ট্রের সাথে করা সব গোপন সামরিক চুক্তি প্রকাশ করা হোক। সরকারের কাছে জবাবদিহিতা দাবি করছি”, বলেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ অগাস্ট জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে নিহত হয় লক্ষাধিক মানুষ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বের শান্তির জন্য ‘হুমকি’ আখ্যায়িত করে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার দাবি জানান।
বিদ্যুৎখাতের উন্নয়নে রাশিয়ার সাথে করা বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত চুক্তিরও সমালোচনা করেন তিনি।
মেনন বলেন, “বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে যখন আমরা উদ্বিগ্ন তখন সরকার রাশিয়ার সাথে নিউক্লিয়ার পাওয়ার প্ল¬্যান্ট স্থাপনের চুক্তি করেছে। কিন্তু এর সুরক্ষার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং খাদ্য ও পরিবেশ রক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেছে কি?”
তিনি বলেন, “জার্মানি ও জাপানের মানুষ যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানানো শুরু করেছে তখন আমরা এটা নিয়ে আসছি। সবাইকে ভেবে দেখতে হবে সেই সক্ষমতা আমাদের আছে কি না।”
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেনন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল হাসান খান বলেন, “যুক্তরাষ্ট্্র আমাদের গণতন্ত্র ও শান্তির জন্য হুমকিস্বরূপ। তাদের জন্যই এখানে বিভিন্ন সময় মার্শাল ল’ এসেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার নামে সামরিক ভাণ্ডার গড়ে তোলা অর্থহীন। তার বদলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো দরকার।
ক্ষমতাসীন মহাজোট সরকারের এই সংসদ সদস্য সামরিক খাতে ব্যয় কমানোরও দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচ/জেকে/১৭৪০ ঘ.
bdnews24