ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলে ধরা শান্তি মডেলকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে রোববার ঢাকায় জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে।
শনিবার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, দুই দিনের এ সম্মেলনে ৬২টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শান্তি প্রস্তাব উত্থাপন করেন। এই সম্মেলনের ফলাফলও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
মিজারুল কায়েস বলেন, বাংলাদেশ মনে করে বিশ্ব ব্যাপী প্রধানমন্ত্রীর শান্তি মডেল অনুসরণ করা হলে বিশ্বে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও হানাহানি কমে আসার পাশাপাশি গণতন্ত্র ও মানবসম্পদ উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক প্রচেষ্টা বৃদ্ধি পাবে।
আন্তর্জাতিক এই সম্মেলনে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য কমানো, বঞ্চনা প্রশমন, সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভূক্তকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সন্ত্রাসবাদবিরোধী লড়াই-এ সাতটি বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
সম্মেলনে অন্যদের মধ্যে নেপালের উপপ্রধানমন্ত্রী ও পরররাষ্ট্রমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা, ভারতের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস, মালদ্বীপের উপপররাষ্ট্রমন্ত্রী আলী হামিদ প্রমুখ অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/১৯৩০ ঘ.
bdnews24