বরগুনা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলীতে এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। হামলায় জড়িত ঘটনায় দেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার কলঙ্ক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রাসেল মোল্লা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি।
আটক দুজন হলেন- পূর্ব চাকামইয়া গ্রামের নাননু (৪২) ও তার ভাতিজা শাখাওয়াত (১৯)।
আমতলী থানার ওসি বাবুল আখতার সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাসেল মোটর সাইকেলে কলাপাড়া থেকে পটুয়াখালীর দিকে যাওয়ার পথে আমতলীর কলঙ্ক এলাকায় নান্নুর নেতৃত্বে ১০ জনের একটি দল তাকে আটকে বেদম পেটায়।
“আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পাশের সিদ্দিক মোল্লার দোকানে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখান থেকে টেনে-হেঁচড়ে নামিয়ে আবার মারপিট করে তাকে। এক পর্যায়ে তারা রাসেলকে রাস্তায় শুইয়ে ধারালো রামদা দিয়ে গলা কাটার চেষ্টা করে।”
ওই সময় রাসেলের চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং দুটি রামদাসহ নাননু ও শাখাওয়াতকে আটক করে পুলিশে তুলে দেয়।
ওসি জানান, নান্নু কলাপাড়া উপজেলার চিহ্নিত সন্ত্রাসী। চাকামইয়া এলাকার নান্নু বাহিনী নামে একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দেন তিনি।
রাসেলের ওপর হামলার ঘটনায় নান্নুকে প্রধান আসামি করে আমতলী থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১১২ ঘ.
bdnews24