ঢাকা, জুলাই ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রজেক্টের নামে গ্রাহকদের সংগৃহীত অর্থ আত্মসাতের প্রমাণের ভিত্তিতে মামলা দুটি করেছেন দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম।
মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এমএলএম এবং ট্রি-প্লান্টেশন প্রজেক্টের নামে ডেসটিনি ২০০০ লিমিটেডের কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করে।
কিন্তু দুদকের তদন্তে এই ফান্ডের ৩ হাজার ২৮৫ কোটি টাকার কোন হদিস পাওয়া যায়নি।
কোম্পানির এমএলএম অ্যাকাউন্টে ৫৬ লাখ টাকা এবং ট্রি-প্লান্টেশন অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে ৪ কোটি ৮৭ লাখ টাকা।
উপপরিচালক মো. মোজাহার আলি সরদার এবং সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, ট্রি-প্লান্টেশন প্রজেক্ট থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর আলামত তারা পেয়েছেন।
মো. তৌফিকুল ইসলাম বলেন, উভয় ক্ষেত্রেই অভিযুক্ত কর্মকর্তারা প্রথমে বিভিন্ন অলাভজনক, নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে এবং এরপর নিজেদের ব্যাংক হিসাবে তা স্থানান্তর করেছেন।
দুটি মামলায় অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, মো. গোফরানুল হক, মো. সাইদুর রহামান, মেসবাহ উদ্দিন স্বপন, শেখ তৈয়বুর রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, নেপাল চন্দ্র বিশ্বাস, মিসেস জামশেদ আরা চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২০৪৮ ঘ.
bdnews24