চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের তৎকালীন উপ-পরিচালক উলফা নেতার পরিচয় দিয়ে অস্ত্র খালাসের রাতে সিইউএফএল জেটিঘাটে উপস্থিত ছিলেন।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষ্যে সার্জেন্ট হেলাল উদ্দিন এ কথা বলেন।
এছাড়া ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয় বলেও আদালতকে অবহিত করেন তিনি।
সোমবার বেলা ১২টায় হেলাল সাক্ষী হিসেবে তার অসমাপ্ত জবানবন্দি দেওয়া শুরু করেন। সাক্ষ্য শেষে আসামিপক্ষের এক আইনজীবী তাকে আংশিক জেরা করেন। পরে মঙ্গলবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়। ওইদিন সকালে পুনরায় সার্জেন্ট হেলালের জেরা হবে।
হেলাল আদালতকে বলেন, “আমি ও সার্জেন্ট আলাউদ্দিন ২০০৯ সালের ২৪ জুন চট্টগ্রাম কারাগারে মহানগর হাকিম মাহবুবুর রহমানের উপস্থিতিতে ১৫-২০ জন আসামির সঙ্গে থাকা উলফানেতা আবুল হোসেন পরিচয় দেওয়া এনএসআইয়ের তৎকালীন পরিচালক লিয়াকত হোসেনকে শনাক্ত করি।”
এ মামলায় গ্রেপ্তার হয়ে লিয়াকত কারাগারে রয়েছেন।
হেলাল ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের সময় চট্টগ্রামের কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পরে ২০০৫ সালের ২ অগাস্ট তিনি ঢাকার সদরঘাট পুলিশ ফাঁড়িতে বদলি হন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে অস্ত্র আটকের সময়ের ঘটনা বর্ণনা করে আদালতকে হেলাল বলেন, “তৎকালীন ডিসি পোর্ট আব্দুল্লাহ হেল বাকীর নির্দেশে সিইউএফএল জেটিঘাটে গিয়ে আগে থেকে থাকা সার্জেন্ট আলাউদ্দিনকে সহযোগিতা করতে বলেন। সেখানে গিয়ে দুটি ট্রলার থেকে মালামাল খালাস এবং তা ট্রাকে উঠানোর বিষয় দেখতে পাই।”
“সেখানে আগে থেকে থাকা সার্জেন্ট আলাউদ্দিন আমাকে জানায় মালামালগুলোর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। জেটিঘাটের চায়ের দোকানের অদূরে কিছু লোক কি যেন আলাপ করছে। সেখান থেকে দুইজন এসে আলাউদ্দিনের সঙ্গে কথা বলল।”
পরে আলাউদ্দিন তাকে ওই দুই জনের পরিচয় জানিয়েছিল বলে আদালতকে বলেন হেলাল।
তিনি বলেন, “তাদের একজন হাফিজুর রহমান এবং অপরজন উলফানেতা আবুল হোসেন বলে আলাউদ্দিনের কাছে পরিচয় দিয়েছিল। তাছাড়া মালামালগুলো যে অস্ত্র ও গোলাবারুদ তা আলাউদ্দিনের মাধ্যমেই আমি জানতে পারি।”
এসব মালামালের ব্যাপারে সরকারের সকল এজেন্সি অবহিত আছে বলেও আলাউদ্দিনকে তারা জানায়।
সার্জেন্ট হেলাল বিষয়টি ডিসি পোর্টকে মোবাইলে অবহিত করার কথা তুলে ধরে বলেন, “আমার কাছ থেকে ফোন পেয়ে তিনি নিজেদের নিরাপত্তা ঠিক রেখে ট্রাকগুলো সিইউএফএল জেটি ঘাটের সীমানা পেরোতে না পারে তা নিশ্চিত করার নির্দেশ দেন।”
পরে মালামালের দাবিদারদের পাঁচজনকে আটক করে বন্দর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়।
তাদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে এই সাক্ষী বলেন, “গভীর রাতে ডিসি পোর্ট বিপুল সংখ্যক পুলিশ নিয়ে জেটিঘাটে হাজির হন। এসময় আবুল হোসেন পরিচয়দানকারী ব্যক্তিকে তার কাছে নিয়ে যায়।
“তাদের আলাপকালে মনে হয়, আবুল হোসেন পরিচয় দেওয়া ব্যক্তি ডিসি পোর্ট আব্দুল্লাহ হেল বাকীকে মালামালগুলো না ধরার জন্য চাপ দিচ্ছে। তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি কোন এজেন্সির লোক।”
পরবর্তীতে ডিসি পোর্ট চট্টগ্রাম পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আটক পাঁচজনকে ছেড়ে দেন।
সাক্ষ্যের পর কোর্ট কাস্টডিতে থাকা আবুল হোসেন পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে শনাক্তও করেন সার্জেন্ট হেলাল। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের বিষয়টি সে এবং অপর সার্জেন্ট আলাউদ্দিন প্রথম প্রত্যক্ষ করেন।
এ ঘটনার একবছরেরও বেশি সময় পরে র্যাব সদস্যরা দুইজনকে আটক করে নির্যাতনের পর নোয়াখালীর সুধারাম থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। পরবর্তীতে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন এবং খালাস পেয়ে পুনরায় কর্মস্থলে যোগ দেন।
চাঞ্চল্যকর এ মামলার অধিকতর তদন্তকালে দুই সার্জেন্টকে জিজ্ঞসাবাদ করে তদন্ত সংস্থা সিআইডি’র কর্মকর্তারা।
দুইজনই আলোচিত এ মামলায় বর্তমানে গ্রেপ্তার এনএসআই’র সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন অস্ত্র খালাসকালে উপস্থিত থাকার বিষয়টি জানান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই মামলায় লিয়াকতকে টিআই (টেস্ট আইডেন্টিফিকেশন) প্যারেডের মাধ্যমে শনাক্ত করেন তারা।
সাক্ষ্য গ্রহণের আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৩০ ঘ.
bdnews24