বরগুনা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যালয় ভবন ধসে পড়ার আতঙ্কে রোদের মধ্যেও ক্লাস হচ্ছে খোলা আকাশের নীচে, তবে বৃষ্টি এলে ছুটি দেওয়া ছাড়া আর উপায় থাকছে না।
বরগুনার আমতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসারেফ হোসেন জানান, গত বছর জুলাই মাসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ণ ঘোষণা করে সেখানে ক্লাস না নেওয়ার পরামর্শ দেওয়ার পর থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।
“ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। ছাদের পলেস্তরা খসে পড়ছে। পিলারের রড বের হয়ে গেছে। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে,” বলেন তিনি।
প্রধান শিক্ষক বলেন, রোদের মধ্যেও খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া হয়। কিন্তু বৃষ্টি এলে ছুটি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে বেশ কয়েক বার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি বলেন, “বর্তমানে বিদ্যালয় ভবনে আসবাবপত্র রাখা কঠিন হয়ে পড়েছে। দরজা-জানালা না থাকায় রাতে স্কুল ঘরে অনেকে মলত্যাগ করায় পরিবেশও হয়ে উঠেছে দুর্গন্ধময়।”
তিনি জানান, ১৯৮৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে চার লাখ ২০ হাজার টাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি একতলা ভবন নির্মাণ করে। দীর্ঘদিন ধরেই চার কক্ষের এই ভবনের ছাদ থেকে পানি চুইয়ে পড়ায় ২০০৮ সালে ৫০ হাজার টাকা ব্যয়ে এর আংশিক মেরামত করানো হয়।
তিনি বলেন, বর্তমানে এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২২৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। আর শিক্ষক আছেন চার জন।
তবে স¤প্রতি বর্তমান সরকারের ঘরে ঘরে চাকরি কর্মসূচির আওতায় গঠিত ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজনকে শিক্ষকতার সুযোগ দেওয়ায় শিক্ষকের ঘাটতি কমে এসেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএমটি/১৯৪৩ ঘ.
bdnews24