২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশে হুমায়ূনের পাশে ভক্তরা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চিরঘুমে শায়িত হওয়ার পর থেকে নুহাশ পল্লীতে ভিড় যেন কাটছে না। একদিন বাদেও ভক্তদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

গাজীপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চিরঘুমে শায়িত হওয়ার পর থেকে নুহাশ পল্লীতে ভিড় যেন কাটছে না। একদিন বাদেও ভক্তদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। বুধবার লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে দূর-দূরান্ত থেকে তার ভক্তরা ভিড় করেন। বিকেলে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত কবর জিয়ারত করতে এসেছেন। তারা কবরে ফুল দিয়ে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার থেকে নুহাশ পল্লীতে অবস্থান করছেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার বাবা মোহাম্মদ আলী, মা তহুরা আলী এমপি, ছেলে নিশাত ও নিনিতসহ স্বজনরা। তারা আরো কয়েকদিন এখানে থাকবেন বলে জানান সাইফুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার রাতে নিউ ইউয়র্কের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার সকালে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। এরপর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার পর বারডেম হাসপাতালের হিমঘর রাখা হয় লেখকের মরদেহ। মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত টানাপোড়েন চলে পরিবারের সদস্যদের মধ্যে। হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে স্বামীর কবর চাইলেও সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন। পরিবারের মধ্যে মতদ্বন্দ্বের অবসানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কয়েক দফা দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর রাত আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় নানকের বাড়ি থেকে বেরিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল নুহাশ পল্লীতেই লেখককে দাফনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। এদিকে শাওন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, হুমায়ূন আহমেদের ইচ্ছা অনুযায়ীই তাকে নুহাশ পল্লীতে দাফন করা হয়েছে । এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে বলেন, “কবর দেওয়ার ব্যাপারে হুমায়ূন আহমেদের বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে। তিনি মৃত্যুর আগে নুহাশ পল্লীতেই দাফনের কথা বলে গেছেন।” নিউইয়র্কে প্রকাশিত নিউজ ওয়ার্ল্ড প্রত্রিকার এক সংবাদে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেনকে উদ্ধৃত করে বলা হয়, শনিবার হুমায়ূন আহমেদের মরদেহ দেশে নিয়ে যাওয়ার সময় জেএফকে এয়ারপোর্টে শাওন লাশ দাফনের ব্যাপারে হুমায়ূন আহমেদ কিছু বলে যাননি বলে জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৭ ঘ.