বগুড়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে অধ্যক্ষের কক্ষ বুধবার ভাঙচুর করা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণার পর হলত্যাগের নির্দেশ দেওয়ায় আবাসিক সংকটে থাকা শিক্ষানবীশ চিকিৎসকদের সঙ্গে অধ্যক্ষের বাকবিত-ার পর তারা এই ভাঙচুর চালায় বলে জানা গেছে।
ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রদলের ধর্মঘট আহ্বানের প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে কর্তৃপক্ষ অনির্দ্দিষ্টকালের জন্য কলেজটি বন্ধ ঘোষণা করে। সেইসঙ্গে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।
কলেজ ক্যাম্পাসে শিক্ষানবীশ চিকিৎসকদের জন্য দু’টি পৃথক হোস্টেল থাকলেও সেখানে স্থান সংকুলান না হওয়ায় প্রায় ৪০জন শিক্ষানবীশ চিকিৎসক ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। কর্তৃপক্ষ হল ছাড়ার নির্দেশ দেওয়ায় মঙ্গলবার পুলিশ গিয়ে শিক্ষানবীশ চিকিৎসকদেরও হল ছাড়তে বলেন। তারা অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে হল ছাড়বেন বলে পুলিশকে জানান।
বুধবার সকালে শিক্ষানবীশ চিকিৎসকরা কলেজ অধ্যক্ষের কাছে গিয়ে তাদের থাকার ব্যবস্থা করার দাবি জানান। সেইসঙ্গে ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা হোস্টেলে থাকার অনুমতি চান।
কিন্তু অধ্যক্ষ তাতে রাজি না হলে তারা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কক্ষে ব্যাপক ভাঙচুর করেন। পরে তারা কলেজ চত্বরে অবস্থিত দু’টি ফাঁকা বাসভবন দখলে নেন।
কলেজের অধ্যক্ষ ডা. মাহবুব করিম বলেন, “হল ত্যাগের নির্দেশ দেওয়ার পর কেউ হলে থাকতে পারবে না। শিক্ষানবীশ চিকিৎসকদের বিষয়টি দেখবেন হাসপাতালের পরিচালক। শিক্ষানবীশ চিকিৎসকরা আমার সঙ্গে আলোচনার জন্য এসেছিল। শুনেছি ফেরার পথে তারা আমার কার্যালয় ভাঙচুর করেছে।”
অন্যদিকে শিক্ষানবীশ চিকিৎসক সুবর্ণ রায় বাধন বলেন, “অধ্যক্ষের কাছে মানবিক বিষয় হিসেবে হোষ্টেলে থাকার অনুরোধ করা হলেও তিনি কোনো কথা শোনেননি। শিক্ষানবীশ ডাক্তাররা ক্যাম্পাসে না থাকতে পারলে হাসপাতালে কাজ করবে কিভাবে এ কথাও তিনি শুনতে নারাজ।
“তবে ভাঙচুরের যে কথা বলা হচ্ছে তার সঙ্গে শিক্ষানবীশ ডাক্তাররা জড়িত নয়।”
হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আফজালুর রহমান জানান, শিক্ষানবীশ চিকিৎসকদের কোয়ার্টারে সিট সংকুলান না হওয়ায় কিছু শিক্ষানবীশ ডাক্তার হোষ্টেলে থাকছিল। তাদের কষ্ট করে ওই কোয়ার্টারে থাকার কথা বললেও তারা থাকেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৪৮ ঘ.
bdnews24