২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে মোটর শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মঙ্গলবার সকালে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে মোটর শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মঙ্গলবার সকালে প্রত্যাহার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম শহিদ জানান, সোমবার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে নওগাঁ জেলা সদরে একটি হোটেলে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলাসহ রাজশাহী বিভাগের অন্যান্য পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকে সমঝোতার পরিপ্রেক্ষিতে লাগাতার এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। তিনি আরো বলেন, রাজশাহীর শ্রমিকদের হামলায় আহত চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে চিকিৎসা সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন দেবে ২ লাখ ৫০ হাজার টাকা এবং রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি দেবে ৫০ হাজার টাকা। এ ছাড়া ওই ঘটনায় দায়ের মামলাসহ অন্যান্য বিষয়গুলো সাংগঠনিকভাবে সমাধান করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ ম-ল, রাজশাহী জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মোটর শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে গত ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের উপর রাজশাহীর শ্রমিকরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ হামলার প্রতিবাদে জেলায় পরিবহন শ্রমিকরা গত ১৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮১৩ ঘ.