২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বীজতলা নষ্ট করেছে হাঁস, সেই নিয়ে সংঘর্ষে নিহত ৪

হাঁসে ধানের বীজতলা নষ্ট করা নিয়ে বাকবিতণ্ডা থেকে সৃষ্ট সহিংসতায় ময়মনসিংহের ধোবাউড়ায় চারজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ময়মনসিংহ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঁসে ধানের বীজতলা নষ্ট করা নিয়ে বাকবিতণ্ডা থেকে সৃষ্ট সহিংসতায় ময়মনসিংহের ধোবাউড়ায় চারজন নিহত হয়েছেন। সোম ও মঙ্গলবার দু’দফা সহিংসতায় নিহতরা হলেন- কালিকাবাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (২২), হোসেন আলী, লালমিয়া (৫৫) এবং তার ছেলে কমল মিয়া (২৪)। ঘটনার সত্যতা স্বীকার করে ধোবাউড়া থানার ওসি মোহাম্মদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত লাল মিয়ার পক্ষের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সীমান্তবর্তী এলাকায় ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে সোমবার ইফতারের পর মোফাজ্জল হাঁসে ধানের বীজতলা নষ্ট করার প্রতিবাদ করায় লালমিয়া মোফাজ্জলের লোকজনের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। হামলায় আহত মোফাজ্জলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে মারা যান। অপর দুই আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোফাজ্জলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোফাজ্জলের পক্ষের লোকজন মঙ্গলবার সকালে লালমিয়ার বাড়িতে হামলা চালায়। এতে, প্রতিপক্ষের হাতে ঘটনাস্থলে নিহত হন লালমিয়ার ছেলে কমল মিয়া (২৪)। এ সময় আটটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে বলে জানান তিনি। হামলায় আহত লালমিয়া (৫৫), কাছম আলী ও হোসেন আলীকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বিকালে লালমিয়া ও হোসেন আলীর মৃত্যু হয় বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১৬ ঘ.