২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বও ইয়াফেস ওসমানের

সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দেখভাল করবেন। মঙ্গলবারই এ বিষয়ে আদেশ হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইয়াফেস ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে ওই দায়িত্ব নিতে বলা হয়েছে।” পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর ১০ মাসের টানাপোড়েন শেষে সোমবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন আবুল হোসেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্বব্যাংকের শর্ত পূরণ করার জন্যই সরে যেতে হলো আবুল হোসেনকে। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা সরকার গঠন করলে তাতে সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী এবং ইয়াফেস ওসমানকে বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। এরপর ২০১১ সালে পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপোড়েন শুরুর পর ডিসেম্বরে মন্ত্রিসভায় রদবদল আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল হোসেনকে যোগাযোগ থেকে সরিয়ে নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইয়াফেস ওসমান থাকেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এই সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সংস্থাটির যুক্তি ছিল, দুর্নীতির অভিযোগ ওঠার পর দায়িত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিতদের মধ্যে যাদের নাম এসেছে, তদন্তের পুরো সময় ছুটিতে পাঠাতে বলা হলেও সরকার তা মানেনি। এরপর সরকারের পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি আবুল হোসেনও কয়েকদিন আগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি গোল্ডস্টেইনের (অ্যালেন) দেওয়া চারটি প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়ায় একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়।” চতুর্থ শর্তটিই ছিল- তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ছুটি দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এমকে/এসইউএম/জেকে/১৫০৫ ঘ.