২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদেশি পর্যটকদের স্পট ভিসা দেওয়া হবে’

ইউরোপীয় ও মার্কিন পর্যটকদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ‘অন দ্য স্পট’ ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

লন্ডন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ও মার্কিন পর্যটকদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ‘অন দ্য স্পট’ ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বুধবার লন্ডনে বাংলাদেশ ট্যুরিজম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী জানান, বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসা সহজতর করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিন মাসের মধ্যে পুনরায় বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু হবে উল্লেখ করে ফারুক খান বলেন, “এতে যুক্তরাজ্য প্রবাসীরা আগের মতোই লন্ডন থেকে সরাসরি সিলেটে যেতে পারবেন।” এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি করে দেশে ঘুরতে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের (বিএফটিডি) এই পর্যটন মেলার আয়োজন করেন। বিএফটিডির চেয়ারম্যান হাকিম আলী প্রবাসিদেরকে ছুটি কাটাতে বাংলাদেশে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশকে পর্যটকদের জন্য উপযোগী ও আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে। আপনারা দেশের ট্যুরিজম খাতকে আকর্ষণীয় করতে বিনিয়োগ করুন।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল ইকরাম ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১২৩০ ঘ.