নীলফামারী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা ঢলে বৃহস্পতিবার রাতে নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর চরের অন্তত দেড় হাজার পরিবারের বসতঘরে পানি ঢুকেছে। বন্যায় তলিয়ে গেছে এই চরের অন্তত ৪৫ হেক্টর জমির ফসল।
শুক্রবার এলাকার অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেয় নিরাপদ স্থানে।
অপরদিকে উপজেলার সাতজান গ্রামে নাউতারা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।
উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিস্তা ব্যারেজের ভাটিতে বাইশপুকুর চর। এই চরে প্রায় দেড় হাজার পরিবার বাস করে। তিস্তার পানি থেকে রক্ষার জন্য এখানে একটি মাটির বাঁধ নির্মাণ করা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে উজান থেকে নামা ঢলে বাঁধটির একাংশ তিস্তা নদীতে বিলীন হয়। ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢোকে বাইশপুকুর চরে। ইতোমধ্যে চরের কোথাও কোথাও ভাঙ্গন শুরু হয়েছে।
তিনি বলেন, গভীর রাতে ঘুমে অচেতন চরবাসী হঠাৎ জেগে উঠে বুঝতে পারে তাদের বিছানা ভিজে গেছে বানের পানিতে। দেখতে দেখতে কোথাও কোথাও পানি হাঁটু থেকে কোমর ছাড়িয়ে যায়।
চরের প্রায় ৪৫ হেক্টর জমির ভুট্টা, মরিচ ও শাকসব্জিসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। চরের উপর দিয়ে প্রবল বেগে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জানান।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বাইশপুকুর চর প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল ইসলাম আরো বলেন, ডিমলার নাউতারা ইউনিয়নের সাতজান গ্রামে গত তিনদিনে নাউতারা নদীর ভাঙনে শতাধিক পরিবারের বসতভিটা, আবাদি জমি ও কবরস্থান বিলীন হয়ে গেছে।
আশ্রয়হীন কেউ কেউ স্বজনদের কাছে আশ্রয় নিলেও অনেকেরই যাওয়ার কোনো জায়গা নেই।
নাউতারা নদীর ভাংগন থেকে সাতজান গ্রামকে বাঁচাতে আপাতত বাঁশের পাইলিং’র ব্যবস্থা করা হয়েছে। তবে স্থায়ী ব্যবস্থা করতে গেলে নদীতে একটি নতুন চ্যানেল খনন করে গতিপথ পরিবর্তন করতে হবে বলে এই প্রকৌশলী মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৩ ঘ.
bdnews24