ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের পর এক আড়ত কর্মচারীকে হাত-পা বেঁধে চলন্ত ট্রাক থেকে ফেলে হত্যা করেছে ছিনতাইকারীরা।
নিহত হাফিজুর রহমান (৪২) আবদুল্লাহপুর বাজারের ‘দুই বন্ধু ফিশ’ আড়তের কর্মচারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মহাখালী ফুট ওভারব্রিজের নিচে এ ঘটনায় মাছবাহী পিকআপটির চালক মো. ইউসুফও আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, হাফিজুরের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মতিউর রহমান, বাড়ি টঙ্গীর এরশাদ নগরে।
হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ সাংবাদিকদের বলেন, ভোরে কারওয়ান বাজার থেকে মাছ নিয়ে তারা আবদুল্লাহপুর বাজারে যাচ্ছিলেন। মহাখালী শাহীন কলেজ পার হয়ে ওভারব্রিজের কাছে পৌঁছানোর পর একটি ছোট ট্রাক তাদের ধাওয়া করে পথরোধ করে।
“ছয়-সাতজন যুবক ট্রাক থেকে নেমে এসে অস্ত্র দেখিয়ে আমার আর হাফিজুরের হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কাপড় ঢুকিয়ে দেয়। তারপর আমাদের ট্রাকে তুলে বেদম মারধর করে। একজন চাপাতি দিয়ে হাফিজুরের মাথায় আঘাতও করে।”
পরে টঙ্গী আমতলী স্টেশন বাজারের কাছে তাদের দুজনকে হাত-পা বাঁধা অবস্থায় চলন্ত ট্রাক থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা।
পুলিশের এক সার্জেন্ট আহত হাফিজুর ও ইউসুফকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
‘দুই বন্ধু ফিশ’ আড়তের মালিক মো. আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাফিজুর অনেক বছর ধরে তার আড়তে কাজ করে আসছিলেন। প্রতিদিন ভোরে এভাবেই কারওয়ান বাজার থেকে মাছ আনতেন তিনি।
ছিনতাইকারীরা পিকআপ এবং তিন লাখ টাকার মাছ নিয়ে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১২৫ ঘ.
bdnews24