ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এক সাক্ষীর চলমান জেরার বুধবার দুপুরের মধ্যে শেষ করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক দিনের কার্যসূচি শেষ করার আগে আদেশ দেন।
জেরার এক পর্যায়ে আসামি পক্ষের কৌঁসুলি অসুস্থ বোধ করেন। আরো কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ বাকি থাকায় তিনি জেরার জন্য আরো দেড় ঘণ্টা সময় চান।
বিচারপতি হক বলেন, আদালত আসামি পক্ষকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে আরো ৯০ মিনিট সময় দিতে চায়।
ট্রাইব্যুনাল প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী নির্মল চন্দ্র শর্মাকে জেরা করেছে সালাউদ্দিন কাদেরের আইনজীবীরা।
এর আগে সকালে ট্রাইব্যুনাল হৃদরোগে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর জন্য তার কৌঁসুিিল ঘরে রান্না করা খাবার গ্রহণের আবেদন করলে তা অনুমোদন করেন।
তবে বিচারপতি হক বলেন, তিনি গোলাম আযমের মামলায় দেওয়া আদেশের মতই এ বিষয়ে কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করবেন।
তবে এ আদেশ এখনো দেওয়া হয়নি।
দ্বিতীয় ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী শহিদুল হক মঙ্গলবার সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণের পর আসামির কৌঁসুলি মোহাম্মদ একরামুল হক সাক্ষী শহিদুলকে জেরা শুরু করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩০০ ঘ.
bdnews24