চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে অপহরণ মামলা করায় চট্টগ্রামে ওই শিশুর মা ও তার বোনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার রাব্বি হোসেন ইউসুফ নামে ওই শিশুর মা বিলকিস আক্তার কাজল (২২) ও তার বোন বুলু আক্তারকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
কাজল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল এলাকার হাউজিং কলোনির বাসিন্দা। তার গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলায়।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,কাজল ও বুলুকে কারাগারে পাঠানোর পাশাপাশি ইউসুফকে তার বাবা সাইফুল হোসেন খোকনের জিম্মায় দেয় আদালত।
তিনি বলেন, গত ৩০ জুন কাজল পতেঙ্গা সৈকত থেকে তার ছেলেকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে থানায় মামলা করে। এতে কাজলের বাবার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার শরণখোলা গ্রামের পাঁচ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তে কাজল ও তার বোনের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় রোবারবার রাতে এক পর্যায়ে তাদের দুই জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
“জিজ্ঞাসাবাদে কাজল স্বীকার করেন যে, তার ছেলেকে অপহরণ করা হয়নি। প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি এই মামলা করেছেন,” বলেন এসআই আবসার।
পরে কাজলের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই পাহাড়তলীর ওয়্যারলেস কলোনী এলাকায় বুলুর এক প্রতিবেশির বাসা থেকে ইউসুফকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আবসার বলেন, ছোট বোন বুলু আক্তারের স্বামী শহীদুলের প্ররোচনায় এ কাজ করার কথা স্বীকার করেছেন কাজল।
এই ঘটনায় সোমবার কাজল ও বুলুকে আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
তবে এই ঘটনার মূলহোতা শহীদুল পলাতক রয়েছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২২০৩ ঘ.
bdnews24