গাজীপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেশন জট কমানোর দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী।
নাওজোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সোমবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে সেশন জট কমানোর দাবি জানাতে থাকে।
এক পর্যায়ে কিছু শিক্ষার্থী কয়েকটি গাড়ি ভাংচুর করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করায় সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘণ্টাখানেক পর শিক্ষার্থীদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে ইকবাল হোসেন জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানোর দাবিতে এর আগেও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪৩০ ঘ.
bdnews24