২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পানি কমছে, বাড়ছে রোগব্যাধি

যমুনা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি কমতে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

জামালপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি কমতে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানিবাহিত নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। কেউ কেউ পড়েছে খাবারের সংকটে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই, সুবর্ণখালী ও দশআনী নদীর পানিও কমতে শুরু করেছে বলে তিনি জানান। এদিকে পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ডায়রিয়া, নিউমোনিয়া ও হাত-পায়ে ঘাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। জামালপুরের সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে ৭৭টি মেডিকেল টিম কাজ করেছে। বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। ত্রাণের নৌকা দেখলে মানুষ ছুটে যাচ্ছে কিছু পাওয়ার আশায়। চিনাডুলি ইউনিয়নের কদমতলী গ্রামের কোব্বাত ফকিরের ছেলে দিনমজুর সাইফুল ইসলাম বলেন, গত ২৭ জুন থেকে তার বাড়িতে পানি। ঘরে এখনো হাঁটু পানি। তিনি বলেন, বন্যার শুরু থেকেই কাজ না থাকায় তিনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অলস সময় কাটাচ্ছেন। গত তিন দিনে তার পরিবার চারবার খেতে পেয়েছে। বাড়ির নলকূপ ডুবে যাওয়ায় অনেক দুর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হচ্ছে। চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়ার সৈয়দ আলী মন্ডলের ছেলে দিনমজুর সোনা মিয়া বলেন, ১০ দিন ধরে তাদের বাড়ি-ঘর পানিতে ডুবে রয়েছে। সাংবাদিকরা বাড়ি-ঘরের ছবি তুলেছেন, কিন্তু কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ নেয়নি। সরকারি-বেসরকারি কোনো সাহায্য পাননি। প্রতিবেশীদের সহায়তায় তিনি দিনে একবার খেতে পারছেন বলে জানান। চিনাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, তার ইউনিয়নটি যমুনা নদীর তীরে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করার আগেই অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এবারের বন্যায় তার ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত তিনি তিনবারে প্রায় ১৩ মেট্রিক টন চাল ও কয়েক মণ চিড়া পেয়েছেন। সরকারের দেওয়া এসব চাল-চিড়া ক্ষতিগ্রস্ত অর্ধেক মানুষের মাঝেও দিতে পারেনি। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি দেওয়ানগঞ্জে বিত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.