২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বল্প দামের শ্রমবাজারের ওপর বেশি নির্ভর হওয়া ঠিক হবে না’

বাংলাদেশে স্বল্পমূল্যের শ্রমবাজার খুব শিগগির হারিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে শুধু এই শ্রমবাজারের ওপর নির্ভর করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে স্বল্পমূল্যের শ্রমবাজার খুব শিগগির হারিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে শুধু এই শ্রমবাজারের ওপর নির্ভর করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও উৎপাদন বাড়ানো এবং এর জন্য প্রয়োজনীয় রসদের মতো বিভিন্ন অর্থনৈতিক উপাদানগুলোই রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। ঢাকায় বিশ্ব ব্যাংকের কার্যালয়ে ‘কনসোলিডেটিং অ্যান্ড অ্যাসেলারেটিং এক্সপোর্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও দুর্নীতিসহ বিভিন্ন ধরনের বাধা রয়েছে। এসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে সরকারকে। তবে বিভিন্ন রপ্তানি পণ্যের সামগ্রিক বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, সবগুলো রপ্তানি খাতকেই প্রয়োজনীয় সুবিধা দেওয়া উচিত সরকারের। তৈরি পোশাক, চামড়া শিল্প, হিমায়িত খাদ্য ও পাটসহ প্রায় বাংলাদেশের তিনশ’টি শিল্পকে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে অভিহিত করেন তিনি। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দেশের বাণিজ্য বৃদ্ধি করতে সংশ্লিষ্ট রসদ ও অবকাঠামো উন্নয়ন, আরো দক্ষ জনশক্তি তৈরি এবং রপ্তানি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশ তিনশ’র বেশি অপ্রচলিত পণ্য রপ্তানি করে থাকে, যার প্রতিটি থেকে ১ লাখ মার্কিন ডলারের বেশি আয় হয়ে থাকে। এসব পণ্যের জন্য শ্রমভিত্তিক উৎপাদন খাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব খাতের উন্নয়ন স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে না বলে সতর্ক করে দেওয়া হয় এ প্রতিবেদনে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের মতো দেশগুলো বিনিয়োগকারী হিসেবে প্রতিযোগিতায় এগিয়ে আসছে বলে এতে জানানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়, সব চ্যালেঞ্জের মধ্যেও ভৌগলিক অবস্থান, চীনের শ্রমবাজার ব্যয়বহুল হয়ে ওঠায় এবং ভারতে শুল্কমুক্ত প্রবেশের কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা ভোগ করতে পারে। এতে বলা হয়, ‘রপ্তানি খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে ও আরো এগিয়ে যেতে পারে, কারণ নতুন সব সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে এটি ঘটবেই- তা ধরে নেওয়াটা ঠিক হবে না।’ রপ্তানি খাতে বিভিন্ন প্রতিঘাত মোকাবেলা করার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে বহুমুখীকরণকে উৎসাহিত করার জন্য নীতি নির্ধারকদের সুপারিশ করা হয় এ প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এমআই/০০২০ ঘ.