খাগড়াছড়ি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ির জমিতে বাঙালি বসতি স্থাপনের প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় বুধবার ছয় ঘণ্টা সড়ক অবরোধ পালিত হয়েছে।
রামগড়ের জালিয়াপাড়া এলাকায় সরকারিভাবে পাহাড়ির জমিতে বাঙালি বসতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অবরোধকারীরা অভিযোগ করেছে।
কিন্তু সরকারিভাবে এ অভিযোগ অস্বীকার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পিকেটারকে আটক করেছে বলে পাহাড়ি ছাত্র পরিষদ দাবি করেছে।
ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ অবরোধ করে।
স্থানীয়রা জানায়, অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। এছাড়া ওই তিন উপজেলার অভ্যন্তরীণ সড়কেও যানবাহন চলাচল করেনি।
তবে, পুলিশ ও বিজিবি প্রহরায় ঢাকা থেকে আসা নৈশ কোচগুলো বেলা ১১টার দিকে শহরে ঢোকানো হয়।
ইউপিডিএফ নেতারা অভিযোগ করেন, বিজিবি’র সহায়তায় রামগড়ের পাইলাভাংগা গ্রামে ১০ একর ভূমিতে ৪৫টি বাঙালি পরিবারকে বসানো হচ্ছে। এতে পূর্ণচন্দ্র চাকমার বন্দোবস্তী করা এবং দখলী জমি বেদখল হওয়ার আশংকা দেখা দিয়েছে।
তারা অভিযোগ করেন, গত ৬ জুন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ২৩৭ নম্বর নাভাঙা মৌজার পিলাভাঙা গ্রামের প্রয়াত ময়ূরধ্বজ চাকমার ছেলে পূর্ণচন্দ্র চাকমার রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি জোপরপূর্বক দখল করে এবং ৪৫টি বাঙালি পরিবারকে পুনর্বাসনের জন্য ঘরবাড়ি নির্মাণ শুরু করেছে।
তারা ওই স্থানে বাঙালি বসতি স্থাপন বন্ধের দাবি জানান।
ইউপিডিএফ নেতারা অবিলম্বে পূর্ণচন্দ্র চাকমার জমি বেদখলমুক্ত করা, পিলাভাঙা থেকে বিজিবি ক্যাম্প সরিয়ে নেওয়া, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি ও আটক প্রবীর ত্রিপুরার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
এদিকে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান এক যুক্ত বিবৃতিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে সেনাবাহিনীর বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গুইমারা থানার ওসি বসির আহম্মদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মাটিরাঙ্গার বাইল্যাছড়ি দোকান থেকে পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা, গুইমারা উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক উৎপল কান্তি ত্রিপুরা ও মাটিরাঙ্গা ভোকেশনাল স্কুল কমিটির সদস্য কীর্তি বিকাশ ত্রিপুরাকে আটক করে।
পরে কীর্তি বিকাশ ত্রিপুরা ও উৎপল কান্তি ত্রিপুরাকে ছেড়ে দেওয়া হয়।
বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল হাফিজ আহসান ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউপিডিএফ এর দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, জালিয়াপাড়ায় বিজিবির জন্য একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার কারণে যেসব পরিবার ভূমিহীন হয়েছে তাদের জন্য একটি বাঙালির রেকর্ডীয় জমি ক্রয় করে সেখানে পুনর্বাসন করা হচ্ছে।
কোনো পাহাড়ির জমি বেদখল করার অভিযোগ সত্য নয়।
এদিকে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ এক প্রেস ব্রিফিংয়ে ‘অন্যায়ভাবে’ সড়ক অবরোধের নিন্দা ও প্রতিবাদ করেছে।
এতে বক্তব্য রাখেন দলের জেলা সাধারণ সস্পাদক জাহেদুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24