ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর বিকল্প অর্থায়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ‘সারপ্রাইজ’ শব্দটি ব্যবহার করা ভুল ছিল বলে স্বীকার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী এতে বলেন “বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার প্রেক্ষাপটে গত রোববার সাংবাদিকগণ আমার প্রতিক্রিয়া জানতে চাইলে এক পর্যায়ে এক প্রশ্নের জবাবে আমি বলেছি, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হলে জনগণের ওপর আর্থিক দায় কমও হতে পারে এবং আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকতে পারে।
“বিকল্প অর্থায়নে পদ্মা সেতুর খরচ বাড়বে কি না জানতে চাইলে আমি বলেছি, তাদের (জনগণ) জন্য সারপ্রাইজ রয়েছে। এক্ষেত্রে ভুলবশত সারপ্রাইজ শব্দটি ব্যবহার করেছি, যা ব্যবহার না করলেও পারতাম। শব্দটি ব্যবহারের জন্য আমি অপকটে ভুল স্বীকার করছি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী আরো বলেন “আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরুর বিষয়ে আমি প্রথম থেকেই গণমাধ্যমকে বলেছি এবং এখনও তা বিশ্বাস করি।
“আমি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদান ছাড়া কখনও অতিকথন করিনি বরং শব্দ ও বাক্য প্রয়োগে সচেতন থেকেছি। বিভিন্ন সময়ে আমার বক্তব্যের মাধ্যমে সেতু বিভাগ তথা সরকারের অবস্থান জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।”
শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। গত বছর এপ্রিলে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
এরপর গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হলে খরচ কমও হতে পারে। এতে জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকবে, যা হবে সারপ্রাইজ।
বিশ্ব ব্যাংক গত বছর এ প্রকল্পের অর্থায়ন স্থগিত করলে মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ২৮ জুন খসড়া প্রস্তাবও দিয়েছে মালয়শিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৫২৫ ঘ.
bdnews24