চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের জন্য দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে আবুল খায়ের গ্রুপের দুই নির্বাহী পরিচালককে তলব করে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন প্রকল্পের একটি কন্ট্রাক্ট প্যাকেজের আওতায় আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আহমেদ ভ্যালি লাইভস্টক কোম্পানি লিমিটেডকে তাদের মালিকানার ১২ দশমিক ৯৯ একর পাহাড় শর্তসাপেক্ষে কাটার অনুমতি দেওয়া হয়।
কিন্তু আবুল খায়ের গ্রুপ বেআইনিভাবে চারটি স্থানে অনুমতির বাইরে অতিরিক্ত পাহাড় কেটে ঢালে অবৈধভাবে রাস্তা নির্মাণ করে বলে পরিবেশ অধিদপ্তর জানতে পারে।
মুনীর চৌধুরী বলেন, “স¤প্রতি সীতাকুণ্ডে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আবুল খায়ের গ্রুপের কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে আজ (সোমবার) তলব করে ৪০ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।”
একইসঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে বেআইনিভাবে কাটা পাহাড় পুনরায় মাটি ভরাট করে বনজ ও ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে ওই পাহাড়কে পূর্বের উচ্চতা এবং প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।
মুনীর চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরে আবুল খায়েরের কর্মকর্তারা হাজির হয়ে পাহাড় কাটার ঘটনাকে ইচ্ছাকৃত অপরাধ নয় উল্লেখ করে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০৫ ঘ.
bdnews24