ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
সেখানে তিনি দুর্গতদের ত্রাণ দেবেন বলেও বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধসে প্রায় ২৫ জন নিহত হন। এর তিন দিন পর বন্দরনগরীতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
শনিবার সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন খালেদা। পথে নিজের জেলা ফেনীতে যাত্রা বিরতি করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
মারুফ কামাল বলেন, “চট্টগ্রামসহ ওই অঞ্চলে অতি বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে বিরোধী দলীয় নেতা চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবেন তিনি।”
রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে থাকবেন বিরোধীদলীয় নেতা। পরদিন ফেরার পথে নিজ নির্বাচনী এলাকা ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বন্যা কবলিতদের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করবেন বলে জানান প্রেসসচিব।
রোববার রাতে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০০৫ ঘ.
bdnews24